বর্তমানে বিশ্বব্যাপী ‘গ্রিন ফ্যামিলি’ বা সবুজ পরিবারের ধারণাটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। একটি সবুজ পরিবার মূলত টেকসই জীবনযাপনে বিশ্বাসী এবং তাদের প্রতিটি দৈনন্দিন কাজের মাধ্যমে পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব কমিয়ে আনার চেষ্টা করে।
এই ধরনের পরিবারের প্রধান বৈশিষ্ট্য হলো শক্তির অপচয় রোধ করা। তারা অপ্রয়োজনে লাইট-ফ্যান বন্ধ রাখা, এনার্জি সেভিং এলইডি ব্যবহার এবং এসির বদলে প্রাকৃতিক বাতাসের ওপর নির্ভর করে। এছাড়া বৃষ্টির পানি সংরক্ষণ এবং সৌরশক্তির ব্যবহার তাদের জীবনযাত্রার অন্যতম অংশ।
সবুজ পরিবারের সদস্যরা ‘রিডিউস, রিইউজ ও রিসাইকেল’ নীতি মেনে চলেন। তারা হুটহাট নতুন পোশাক বা প্লাস্টিকের জিনিস না কিনে পুরোনো জিনিসের পুনঃব্যবহার নিশ্চিত করেন। ফেলে দেওয়া প্লাস্টিক বা কাপড় দিয়ে নতুন কিছু তৈরি করা অথবা অব্যবহৃত জিনিস অন্যকে দান করা তাদের একটি নিয়মিত অভ্যাস।
খাবারের ক্ষেত্রেও তারা অত্যন্ত সচেতন। প্যাকেটজাত বা বোতলজাত খাবারের বদলে তারা টাটকা মৌসুমি শাকসবজি ও ফলমূল বেছে নেন। খাবারের অপচয় রোধ করার পাশাপাশি রান্নার অবশিষ্টাংশ থেকে তারা জৈব সার তৈরি করেন, যা পরিবেশের ভারসাম্য রক্ষায় সাহায্য করে।
যাতায়াতের ক্ষেত্রে সবুজ পরিবারগুলো সাধারণত হাঁটা বা সাইকেল চালানোকে প্রাধান্য দেয়, যা ব্যক্তিগত যানবাহনের কার্বন নিঃসরণ কমাতে ভূমিকা রাখে।
কেনাকাটার সময় তারা আবেগ বা শখের বশে কিছু না কিনে কেবল প্রয়োজনীয় জিনিসটিই সংগ্রহ করেন। তাদের ঘর, বারান্দা বা ছাদ সব সময় প্রাকৃতিক সবুজে ঘেরা থাকে। প্রচুর গাছপালা থাকায় তাদের ঘর এমনিতেই ঠান্ডা থাকে এবং বাতাস থাকে নির্মল।
প্রকৃতির সংস্পর্শে সময় কাটানো এবং প্রাণিকুলের প্রতি সহানুভূতিশীল হওয়া একটি আদর্শ সবুজ পরিবারের অন্যতম পরিচয়। এই টেকসই জীবনচর্চা কেবল একটি পরিবারের জন্য নয়, বরং পুরো পৃথিবীর ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে গুরুত্বপূর্ণ অবদান রাখে।
আরটিভি/এএইচ




